স্পোর্টস ডেস্ক : ভালো বোলিং ফিল্ডিং হয়নি পাকিস্তানের। যে কারণে তাদের সামনে বড় লক্ষ্য ২১২ রান! এশিয়ান গেমসের ক্রিকেট ইনভেন্টের স্বর্ণ জিততে হলে অবিশ্বাস্য ব্যাটিং করতে হতো পাকিস্তানকে। দুর্দান্ত ব্যাটিং করে সমর্থকদের আশা দেখিয়েছিলেন হাসান নেওয়াজ। কিন্তু বাকিরা ছিলেন ব্যর্থ। ফলে ১৯ রানের হারে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তানকে। আর স্বর্ণ গেল ভারতের ঘরে। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। জবাবে ১৯২ রানে থামে পাকিস্তান।
নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস দিতে আগে ব্যাট করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন অভিষেক শর্মা ও বৈভব সুরিয়াভানশি। ৯ বলে ১৫ রান করে বৈভব ফিরলেও পাকিস্তানি বোলারদের উপর রীতিমতো তান্ডব চালান অভিষেক। আবরার আহমেদদের বাজে বল পেলেই বাউন্ডারি ছাড়া করেছেন বাঁহাতি এই ব্যাটার। ২৮ বলে ৬১ রান করে ফেরেন তিনি। আবারো ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন। শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান।
তবে ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছেন তিলক ভার্মা ও শিভাম দুবে। শেষ দিকে দুজনই তুলেছিলেন ঝড়। ১৫ বলের ২৭ রান করে ফেরেন দুবে। আর শেষ পর্যন্ত ২২ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন তিলক। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস।
রান তাড়ায় শুরুটা ধীরগতির হয় পাকিস্তানের। ওপেনার সাহেবজাদা ফারহান বড় ইনিংস খেলতে পারেননি। ১১ বলে ১০ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার মাজ সাদাকাত করেছেন ১৮ বলে ২৩ রান।
তিনে নামা উসমান খানা ফিরেছেন দ্রুত। তবে পাকিস্তানকে ম্যাচে রাখেন নেওয়াজ। শুরুতে তাকে সঙ্গ দেন সাইম আইয়ুব। তবে ইনিংসটাকে বড় করতে পারেননি আইয়ুব। ২২ বলে ২৯ রান করে ফিরে যান তিনি। আইয়ুব ফিরলেও লড়াই চালিয়ে যান নেওয়াজ।
ভারতীয় বোলারদের উপর রীতিমত ঝড় তোলেন তিনি। কিন্তু শেষমেষ দলকে জেতাতে পারেননি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫১ বলে করেছেন ৯৬ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিভাম দুবে।