স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে পদকের স্বপ্ন বাংলাদেশের। সেই অভিযানে প্রথম বাধা মালয়েশিয়া। র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্সে অনেক পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
মালয়েশিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সালাহউদ্দিনের। তাই প্রতিপক্ষকে ভালোভাবেই চেনেন তিনি। তবে এশিয়ান গেমসের মতো আসরে যেকোনো ম্যাচেই অঘটন ঘটতে পারে বলে সতর্ক করেছেন শিষ্যদের।
‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়, টসও অনেক সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই কোনো ম্যাচ আগেই জিতে যাওয়া যাবে না। মাঠে খেলেই জিততে হবে,’ বলেন সালাহউদ্দিন।
গত আসরেও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও জয় দিয়ে শুরু করতে চান সালাহউদ্দিন। তাঁর কাছে প্রথম ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েক দিন ম্যাচের বাইরে থাকার পর সরাসরি মাঠে নামার চ্যালেঞ্জটাও মাথায় রাখছেন তিনি।
মেয়েদের ব্যর্থতার পর ছেলেদের ওপর বাড়তি প্রত্যাশার চাপও আছে। তবে চাপকে বড় দলের ক্রিকেটেরই অংশ মনে করেন বাংলাদেশ কোচ। তাঁর ভাষায়, ‘টপ লেভেলে খেলতে হলে চাপ নিয়েই খেলতে হবে। বড় খেলোয়াড়, বড় দলের লক্ষণই হলো চাপ সামলানো।’
আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।