স্পোর্টস ডেস্ক : লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙেছে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে। এশিয়ান গেমসে নারী হকির পুল ‘এ’-তে পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে লাল-সবুজের দল।
রোববার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচের চিত্র পাল্টে দেয় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে দল। পাঁচ মিনিট পর আবারও কনার গোল—২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তখন জয়ের সম্ভাবনাই জোরালো হয়ে উঠেছিল।
কিন্তু লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। শেষ কোয়ার্টারে আবারও হুয়াং ইউ-টিংয়ের আঘাত। তাঁর দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে।
শেষদিকে প্রাণপণ চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছিল চীনের কাছে ১৩-০ গোলের বড় হার দিয়ে। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১, দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারে দলটি। কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পাওয়া এক পয়েন্টই শেষ পর্যন্ত সান্ত্বনা হয়ে থাকল।
পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে পঞ্চম হয়েছে বাংলাদেশ। চার ম্যাচেই হার। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে চীন।