স্পোর্টস ডেস্ক: কাউন্টডাউন শুরু। বিশ্বফুটবলের দুই পরাশক্তিকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত। তিন দিন পর, ৬ অক্টোবর একই মাঠে ভারতের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
দুই হাই-প্রোফাইল ম্যাচ সামনে রেখে কার্যত নতুন রূপ নিচ্ছে যুবভারতী। গ্যালারিতে চলছে রং ও সংস্কারের কাজ, বদলানো হচ্ছে দর্শকাসন, দেওয়া হচ্ছে নতুন আসন নম্বর। দর্শকদের অভিজ্ঞতা আরও ভালো করতে গ্যালারি লবিতে আন্তর্জাতিক মানের খাবারের স্টল বসানোর পরিকল্পনাও রয়েছে।
মাঠ নিয়েও কম ব্যস্ততা নেই। ভারী বৃষ্টি ও একের পর এক ম্যাচের চাপ সামলে মূল মাঠের পিচ প্রস্তুত করতে চলছে বিশেষ পরিচর্যা। অনুশীলন মাঠেও সংস্কার ও নতুন টার্ফ বসানোর কাজ চলছে। ম্যাচের আগে মাঠকে নিখুঁত অবস্থায় আনতে দিন-রাত কাজ করছেন গ্রাউন্ড স্টাফরা।
শুধু স্টেডিয়ামের ভেতর নয়, বাইরেও চলছে ব্যাপক প্রস্তুতি। ল্যান্ডস্কেপিং ও সৌন্দর্যায়নের পাশাপাশি দর্শকদের চাপ সামলাতে বাড়ানো হচ্ছে প্রবেশপথ। কয়েকটি পুরোনো গেটও প্রশস্ত করা হচ্ছে। সংস্কার করা হচ্ছে শৌচাগারসহ দর্শকসেবার বিভিন্ন পরিকাঠামো।
নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। অনুশীলন মাঠের চারপাশে নতুন ফেন্সিং বসানোর কাজ চলছে। ব্রাজিলের সফরকে সামনে রেখে কলকাতার স্টেডিয়াম ও অনুশীলন-সুবিধা আগেই পরিদর্শন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিদল। শেষ মুহূর্তের প্রস্তুতিও তারা নজরে রাখছে বলে জানা গেছে।
ব্রাজিলের সফরকারী দলে প্রায় ৯০ জন সদস্য থাকার সম্ভাবনা রয়েছে। ফুটবলারদের সঙ্গে থাকবেন কোচিং স্টাফ, চিকিৎসক, সাপোর্ট স্টাফ ও প্রশাসনিক কর্মকর্তারা। নিরাপত্তা থেকে অনুশীলন মাঠ—সবকিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে।
দুই বিশ্বচ্যাম্পিয়নের আগমনে কলকাতায় এখন ফুটবল-উন্মাদনা তুঙ্গে। শেষ মুহূর্তের কাজ শেষ হলেই ব্রাজিল ও উরুগুয়েকে বরণে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে যুবভারতী।