নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ হকিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। ‘এ’ পুলের ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রোমান সরকারের দল। জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম, অন্যটি রাসেল মাহমুদ জিমির।
গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই ইন্দোনেশিয়ার ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে লিড এনে দেন আমিরুল।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। ৩৭ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে ৩-০ এগিয়ে দেন জিমি।
শেষ কোয়ার্টারে ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে এক গোল শোধ করে ইন্দোনেশিয়া। তবে আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে দুই ম্যাচে এটি লাল-সবুজের টানা দ্বিতীয় জয়।