স্পোর্টস ডেস্ক : শুরুতে এগিয়ে থেকেও একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ কোয়ার্টারে দুর্দান্ত প্রত্যাবর্তনে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেল লাল-সবুজের দল।
শুক্রবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে ১ মিনিট ১১ সেকেন্ডেই বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন রিয়া। প্রথম কোয়ার্টার শেষে ১-০ ব্যবধান ধরে রাখে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে লোবানোভা ভিক্টোরিয়ার গোলে সমতায় ফেরে কাজাখস্তান। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৫ মিনিটে কাজাখস্তান এগিয়ে যায় ৩-১ গোলে।
এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৪০ মিনিটে কনা আক্তারের গোলে ব্যবধান কমানোর পর চতুর্থ কোয়ার্টারের শুরুতেই অর্পিতা পাল গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-৩ ড্রতেই শেষ হয় ম্যাচ।
এশিয়ান গেমসে নারী হকিতে এবারই অভিষেক বাংলাদেশের। প্রথম তিন ম্যাচে চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল তারা। চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে থাকা বাংলাদেশের পরের ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে, ২৭ সেপ্টেম্বর।