স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আগামী মাসে ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে হাজির হতে হবে। ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এসেক্স।
২০২৪ সালে রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সে বছরের ২৩ জুলাই বাংলাদেশি বংশোদ্ভুত এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০২৫ সালের ২৫ আগস্ট তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপরও খেলা চালিয়ে যাচ্ছিলেন রবিন।
এ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ২০২৬ তারিখে দু’টি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ক্রয়ডনের এক নারীর ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগস্ট ২০২৫ তারিখে তাকে গ্রেপ্তারের পর এই অভিযোগগুলো আনা হয়। ওই নারীকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। --- ডেইলি ক্রিকেট
প্রায় অর্ধযুগ ধরে কাউন্টি ক্রিকেটে খেলছেন রবিন। ২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হয় তরুণ এই ক্রিকেটারের। দলটির হয়ে এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন তিনি। তবে রবিন আলোচনায় আসেন ২০২২ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন রবিন। ২০২৩ বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। ২০০২ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটারের বাবা একজন বাংলাদেশি। তার বাবা মৃদুল দাসের জন্ম সুনামগঞ্জে।