স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে প্রথমবার খেলতে নামছে ব্রাজিল। শুধু তা-ই নয়, ফিফা র্যাঙ্কিং প্রবর্তনের পর ভারতের মুখোমুখি হতে যাওয়া সবচেয়ে হাইপ্রোফাইল দলও ব্রাজিল (বর্তমানে ফিফা তালিকায় ৫ নম্বরে)।
ঐতিহাসিক এই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও এনদ্রিক এবং বার্সেলোনার রাফিনিয়ার মতো তারকাদের নিয়ে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন আনচেলত্তি। আগামী ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। -- টি স্পোর্টস
টাইমস অব ইন্ডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি বলেন, ‘বিশ্বের আনাচে-কানাচে ব্রাজিলের সমর্থক ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতীয় দলের এই গৌরবময় ইতিহাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতে গিয়ে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ আনন্দের—শুধু সেখানে থাকা ব্রাজিলিয়ানদের জন্যই নয়, বরং ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যও।’
প্রস্তুতি ম্যাচ হলেও ঢিলেঢালাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না ব্রাজিল কোচ। তিনি আরও যোগ করেন, ‘এটি একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ হলেও আমাদের কাছে প্রীতি ম্যাচ বলতে কিছু নেই। জাতীয় দলের জার্সি গায়ে নামলে সবসময় নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমরা এখন ফুটবলারদের একটি নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’
ব্রাজিল কোচ আরও জানান, নতুন দেশ ভ্রমণ এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে কাছ থেকে জানার অভিজ্ঞতা দলের ফুটবলারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তের বৈচিত্র্যময় কৌশলের দলগুলোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে তাঁরা অভ্যস্ত বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের বিপক্ষে খেলার রোমাঞ্চ নিয়ে আনচেলত্তি বলেন, ‘ভারত সফরটা আমাদের জন্য বেশ চমৎকার হতে যাচ্ছে। সত্যি বলতে, বিশ্বমানের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ভারতের খুব একটা নেই, তবে তারা মাঠে কেমন খেলে সেটা আমাদের বুঝে নিতে হবে। তাছাড়া আমি নিজে এর আগে কখনো ভারতে যাইনি।’
আনচেলত্তির মতে, শক্তিশালী ফুটবল সংস্কৃতির অভাবই ভারতের ফুটবলের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। আগামী প্রজন্মের ভেতর থেকে মানসম্মত ফুটবলার তুলে আনতে হলে দেশে একটি পরিপক্ব ফুটবল কালচার গড়ে তোলা জরুরি বলেই মনে করেন তিনি।
ভারতের খেলাধুলা নিয়ে আনচেলত্তি বলেন, ‘ভারতে ফুটবলের সেই অর্থে কোনো কালচার বা ঐতিহ্য গড়ে ওঠেনি, তবে অন্যান্য খেলাধুলায় কিন্তু তারা বেশ ভালো। আগামী প্রজন্মের মানসম্মত ফুটবলার তৈরি করতে হলে ভারতকে মূলত এই জায়গাটা নিয়েই কাজ করতে হবে।
ব্রাজিল দলের পুনর্গঠন প্রসঙ্গে আনচেলত্তি আরও যোগ করেন, দলে বর্তমানে মার্কিনিওস, গাব্রিয়েল মাগালিয়াইস, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের নিয়ে একটি শক্তিশালী মূল ভিত্তি রয়েছে। এই অভিজ্ঞ খেলোয়াড়দের কেন্দ্র করেই মূলত উদীয়মান তরুণ ফুটবলারদের সুযোগ দিয়ে নতুন একটি শক্তিশালী দল গড়ে তুলতে চায় সেলেসাওরা।