স্পোর্টস ডেস্ক : নগদ ১৮ কোটি টাকা খরচ করে তাঁকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের আগে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানার নাইট শিবিরে আশা নিয়ে বেড়েছিল জল্পনা। পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী দলগুলির সাথে লড়াই করে সেই জল্পনা সত্যি করে দেখায় নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে, চোটের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রথম দিকে ছাড়পত্র না পাওয়ায় কলকাতার হয়ে শুরুর দিকের ম্যাচগুলিতে নামতে পারেননি তিনি। পরে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। এবার সেই প্লেয়ারকেই বিদায় দিতে চলেছে কেকেআর! -- ইন্ডিয়াহুড
বিপুল অর্থ খরচ করার পরেও কলকাতার জন্য সেভাবে কিছুই করে উঠতে পারেননি পাথিরানা। একটি ম্যাচে অংশ নিলেও কলকাতা নাইট রাইডার্স দলের জন্য তুলতে পারেননি কোনও উইকেট। যার ফলে যথেষ্ট হতাশ হয়েছিলেন নাইট ভক্তরা। হতাশা বেড়েছিল ম্যানেজমেন্টেরও। ঠিক সে কারণেই এই প্লেয়ারকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন ভক্তরা। এবার নাকি সেই দাবিই পূরণ হতে চলেছে। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার এই প্লেয়ারকে ২০২৭ আইপিএল নিলামের আগেই ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল।
কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, পাথিরানাকে দলে রাখতে চাইছেন না নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কর্তারাও! সবচেয়ে বড় কথা এত বিপুল অর্থ খরচ করেও যদি পরের সিজনে সেভাবে খেলতে না পারেন বা উইকেট না আসে তবে ক্ষতি হবে দলেরই। বরং সেই অর্থ দিয়ে দুজন ভাল মানের পেসারকে কিনে নিতে পারবে কলকাতা। আর এইসব ভাবনা থেকেই এবার লঙ্কান তারকাকে ছেড়ে দিতে পারে কেকেআর।
কিছু সূত্র আবার এও বলছে, ১৮ কোটি টাকা দিয়ে কেনা প্লেয়ারকে প্রাথমিকভাবে ছেড়ে দেওয়ার পর তাঁর দিকে নিলামে নজর রাখতে পারে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত যদি সেভাবে কোনও দল এই প্লেয়ারকে কেনার জন্য অতিরিক্ত অর্থ বা বেশি টাকার বিড না করে তবে শেষ মুহূর্তে অল্প দামে এই খেলোয়াড়কে দলে নিতেও পারে কেকেআর ফ্রাঞ্চাইজি।