স্পোর্টস ডেস্ক : ঘোষণা করা হয়েছে আইপিএলের এবারের আসরের সময়সূচী। আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
মূলত, গত জুনে চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানির পর, এই মাঠে আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
কর্নাটক রাজ্য সরকার সম্প্রতি এই স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। বেঙ্গালুরুর পাঁচটি হোম ম্যাচ হওয়ার কথা এখানে। প্রাথমিকভাবে এবারের আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি বুধবার প্রকাশ করা হয়েছে। তবে, আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর দ্বিতীয় ধাপে বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে।
এর আগে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে যখন ভারতে সাধারণ নির্বাচন অথবা কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, তখন ফ্র্যাঞ্চাইজি লিগটির সূচি দুই ভাগে ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, হায়দরাবাদের জন্য এটি দ্বিতীয়বারের মতো আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলা, আর বেঙ্গালুরুর জন্য এটি সপ্তমবার। এছাড়া এই মৌসুমে কয়েকটি দলের বিকল্প হোম ভেন্যুও রাখা হয়েছে। বেঙ্গালুরু দুটি ম্যাচ খেলবে রায়পুরে, আর পাঞ্জাব কিংস তিনটি ম্যাচ খেলবে ধর্মশালায়।