এল আর বাদল: সিরিজের শেষ ম্যাচ বা ভাগ্য নির্ধারিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারের শেষ বলে লেখা হয়েছে ম্যাচের ভাগ্য। বাংলাদেশ জয় পেয়েছে ১১ রানের। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে মেহেদী হাসান মিরাজের দল জিতল ২-১ ব্যবধানে।
রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫০ ওভারে ২৭৯ রান করতে পেরেছে পাকিস্তান।
ম্যাচ জয়ের পর অধিনায়ক মিরাজ বলেন, ‘নিশ্চয়ই এটি একটি চমৎকার ম্যাচ ছিল। ছেলেরা সত্যিই খুব ভালো খেলেছে, তবে হ্যাঁ—শেষ ওভারে যখন ১৪ রান লাগত, তখন সবাই কিছুটা ভয়ে ছিল। আমার মনে হয় উইকেটটা ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল, যদি আমরা ৩০০ রান করতে পারতাম তবে আরও ভালো হতো।
বাংলাদেশের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তাওহিদ হৃদয়, লিটন দাসও চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। মিরাজের মুখে প্রশংসা ঝরেছে তাদেরও।
মিরাজ বলেন, ‘আমরা ভালো খেলেছি, বিশেষ করে তামিম যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ। লিটন দাস, শান্ত এবং তাওহীদ হৃদয়ও খুব ভালো খেলেছে।
বাংলাদেশের এই ম্যাচ জেতার পেছনে বড় ভূমিকা ছিল পেসার তাসকিন আহমেদের। গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকেট এনে দিয়েছেন তিনি। সালমান আলী আগা আর ফাহিম আশরাফকে ফিরিয়ে ঘুরিয়েছেন ম্যাচের মোড়। সবমিলিয়ে শিকার করেছেন ৪ উইকেট।
তাসকিনকে নিয়ে মিরাজ বলেন, ‘আমার মনে হয় তাসকিন দারুণ বোলিং করেছে। প্রথম তিন ওভারে সে দুটি উইকেট নিয়েছিল এবং শেষে আবার দুটি উইকেট পায়। পুরো সিরিজ জুড়ে সে এবং নাহিদ (রানা) খুব ভালো বোলিং করেছে এবং তাদের মধ্যে দারুণ একটি পার্টনারশিপ গড়ে উঠেছে।