স্পোর্টস ডেস্ক : লিগে টানা ব্যর্থতার মাঝে, হাইভোল্টেজ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে আবার পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ল লিভারপুল। এরপর অবশ্য দারুণ পারফরম্যান্স উপহার দিল তারা। উগো একিটিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারাল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। শিরোপাধারীদের অন্য দুই গোলদাতা ফ্লোহিয়ান ভিয়েৎস ও ইব্রাহিমা কোনাতে।
জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরে লিগে প্রথম জয় পেল লিভারপুল। আগের পাঁচ ম্যাচে চারটি ড্রয়ের পর, গত সপ্তাহে বোর্নমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।
২৪ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি।
সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি ও তিন নম্বরে অ্যাস্টন ভিলা; দল দুটি অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আসরে নবম হারের পর, ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নিউক্যাসল।