স্পোর্টস ডেস্ক : ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে অপরাধমূলক আচরণের জের ধরে স্কটিশ রেসলার ড্রু ম্যাকইনটায়ারকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে ডব্লিউডব্লিউই। গত শনিবার শিরোপা লড়াইয়ে হারের পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন ম্যাকইনটায়ার, আর সেই হতাশার বহিঃপ্রকাশ ঘটে স্ম্যাকডাউনের লাইভ শোতে—যা ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। -- টি স্পোর্টস
শুক্রবার (৭ নভেম্বর) স্ম্যাকডাউনের শোয়ে শুরুতেই উপস্থিত হন আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস। তিনি জানান, শনিবারের ইভেন্টে ম্যাকইনটায়ারকে হারিয়ে তিনি এখন নতুন প্রতিদ্বন্দ্বী খুঁজছেন। দর্শকদের মধ্যেই বসে শোয়ের পারফরম্যান্স দেখে তিনি নিজের পরবর্তী চ্যালেঞ্জার ঠিক করতে চান—এমনটাই বলছিলেন রোডস।
এই সময় হাজির হন আলিস্টার ব্ল্যাক ও জেলিনা। ব্ল্যাক–জেলিনার আচরণে সেগমেন্ট উত্তপ্ত হয়ে ওঠে। জেলিনা রোডসকে থাপ্পড় মারলে ডব্লিউডব্লিউই জেনারেল ম্যানেজার নিক অ্যালডিস বাধ্য হন রোডস ও ব্ল্যাকের মধ্যে নন–টাইটেল ম্যাচ ঘোষণা করতে।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আচমকা রিংয়ে ঢুকে পড়েন ড্রু ম্যাকইনটায়ার। রোডসকে লক্ষ্য করে তিনি একের পর এক আক্রমণ শুরু করেন। আগের ম্যাচের হার থেকে জমে থাকা ক্ষোভ মেটাতে ম্যাকইনটায়ার ব্ল্যাকের সঙ্গে মিলে রোডসকে নির্মমভাবে আঘাত করেন।
তবে এরপর রোডসের পাশে দাঁড়ান ‘আর্চার অফ ইনফ্যামি’ ডেমিয়েন প্রিস্ট। তিনি ম্যাকইনটায়ার ও ব্ল্যাককে পরাস্ত করে রোডসকে রক্ষা করেন, যা দেখে দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন।
ঘটনার পর ক্ষুব্ধ জিএম নিক অ্যালডিস রিংয়ে এসে ম্যাকইনটায়ারকে উদ্দেশ করে বলেন, ‘আমি তোমাকে সুযোগ দিই আর তুমি তার অপব্যবহার করো। আর নয়। এই মুহূর্ত থেকেই তুমি সাসপেন্ড!’
এই ঘোষণার মাধ্যমে ডব্লিউডব্লিউই আনুষ্ঠানিকভাবে ম্যাকইনটায়ারকে সাময়িক বরখাস্ত করে। এক সপ্তাহ আগেই ডব্লিউডব্লিউইর সবচেয়ে বড় শিরোপার জন্য লড়ছিলেন ড্রু ম্যাকইনটায়ার। অথচ অনিয়ন্ত্রিত আচরণের কারণে এখন তিনি নিষিদ্ধ।
পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে খুব অল্প সময়ে। ডব্লিউডব্লিউই এখনো জানায়নি, নিষেধাজ্ঞার মেয়াদ কতদিন হবে। ২০২০ সালে ব্রক লেসনারকে হারিয়ে ডব্লিউডব্লিউই রয়্যার রাম্বল চ্যাম্পিয়ন হন ম্যাকইনটায়ার।