মনিরুল ইসলাম : রাজধানীতে বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। একই সঙ্গে দেশের ভেতরে ‘গুপ্ত-সুপ্ত’ চক্র সেই ষড়যন্ত্রে সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম জিলানী।
রিজভী বলেন, “পতিত ফ্যাসিস্ট চক্র বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বুনছে, আর দেশের ভেতরে তাদের সহযোগীরা সেই ষড়যন্ত্রকে উসকে দিচ্ছে। তবে বাংলাদেশের জনগণ সবসময়ই এসব চক্রান্ত রুখে দিয়েছে এবং আগামীতেও প্রতিহত করবে।” তিনি দাবি করেন, দেশের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে ‘অতন্দ্র প্রহরী’র মতো জেগে আছে।
দেশে পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। মধ্য বাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
বিএনপির এই নেতা বলেন, “এই রাজপথ কোনো দলের কাছে বিক্রি হয়নি। এটি এদেশের মেহনতি মানুষের। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিশ্বজুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি কিউবার উদাহরণ দেন এবং মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিতে তেল সরবরাহে বিঘ্নের কথাও উল্লেখ করেন। তার অভিযোগ, এ বাস্তবতা না বুঝে বিরোধী পক্ষের কিছু নেতা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাতিসংঘ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মাত্র ৩৫ সদস্যের একটি সংক্ষিপ্ত ও সাশ্রয়ী বহর নিয়ে প্রধানমন্ত্রী সফরে গেছেন, যা রাষ্ট্রের ব্যয় সাশ্রয়ে সহায়ক হয়েছে।” তিনি দাবি করেন, অতীতে বড় বহর নিয়ে বিদেশ সফরের নামে অপচয় করা হতো।
রিজভী আরও বলেন, বর্তমান সরকার বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তরিক এবং দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করছে।