মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি এবার ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর বর্তমানে রাষ্ট্রক্ষমতায় থেকে দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের নেতৃত্বে দলটি পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি সরকারপ্রধানের দায়িত্বও পালন করছেন।
প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলায় বিএনপি নানা উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম ও ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে এগিয়েছে। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে দলটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করা হবে।
আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতা ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে।
পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করবে।