সঞ্চয় বিশ্বাস: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবির সূতিকাগার, ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি এবং মহামুনি বিওপি পরিদর্শন করেন। এ সময় তিনি আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী ব্রিজের নিকট প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শেখর গুপ্তা এবং অন্যান্য অফিসারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবির পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) এবং রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়কসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব