জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে চেক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চল পরিচালক ওয়ারেছা আমিন, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, রায়পুর পৌরসভা জামায়াতের আমীর ফজলুল করিম, জামায়াত নেতা আবদুর রহমান, মমিন উদ্দিনসহ আরও অনেকেই।
মারজিয়া বেগম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে বরাদ্দ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ দেওয়া আমানত আপনাদের যেটা হক তা পৌঁছে দেওয়ার জন্য আজকে উপস্থিত করেছেন। দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে আমি আমার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যা যা আসবে, সেটা যথাযথভাবে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। আমার দায়িত্ব যেন আমি ঠিকভাবে পালন করতে পারি। কেউ যেন আমাদের দিকে আঙুল উঠাতে না পারে, তার জন্য চেষ্টা করবো। কোনো প্রকার অপপ্রচার-প্রোপাগান্ডা নয়।
মোট কথা হলো হক গুলো যাতে যথাযথভাবে পৌঁছে দিতে পারি। ২০ লক্ষ জনশক্তির মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই বরাদ্দ নগণ্য। তার পরেও আমরা যদি এটা সঠিকভাবে দিতে পারি তাহলে অন্তত শান্তনা পাবো। ভবিষ্যতে কেউ যাতে গরিবের হক না মারতে পারে সেদিকেও লক্ষ্য রাখবো।