মনিরুল ইসলাম : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুতুড়ে বিল ইস্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়িত্বে চরম গাফিলতির অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলেন।
ফোনালাপে মন্ত্রী অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং এতে সৃষ্ট মানসিক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখিত বলে জানান। তিনি গ্রাহককে আশ্বস্ত করেন, ভুল বিল ইতোমধ্যে সংশোধন করে সঠিক বিল প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা হলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করেন তিনি।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর ২০২৬ মাসে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যু করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক ত্রুটি বা টাইপিং ভুলের কারণে সিল নম্বরের অঙ্কগুলো ডিমান্ড চার্জের ঘরে যুক্ত হয়ে এই অস্বাভাবিক বিল তৈরি হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।