এল আর বাদল: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবে। একই সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পাবেন টানা পাঁচ দিনের ছুটি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষার্থীদের ছুটি গড়াবে টানা সাত দিনে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটিসহ প্রাথমিকের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে।
সরকারি চাকরিজীবীদের পাঁচ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও এবার বাড়ানো হয়েছে। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে।
ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না।
কবে কোন দিন পূজা
চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।