প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেছেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর দেশের জিডিপির প্রায় ১-২ শতাংশ সমপরিমাণ ক্ষতি হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে আয়োজিত “এক্সপ্যান্ডিং দ্য ফাইন্যান্স বেস : দ্য আরজেন্ট কেস ফর স্কেলিং আপ লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্স” শীর্ষক হাই-লেভেল সাইড ইভেন্টে বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের জন্য পূর্বানুমানযোগ্য ও টেকসই অর্থায়ন, সহজ ও সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে অর্থ পৌঁছানোর কার্যকর ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাইমুম পারভেজ বলেন, উন্নত দেশগুলোর পাবলিক ফাইন্যান্সকে লস অ্যান্ড ড্যামেজ অর্থায়নের মূল ভিত্তি হিসেবে রাখতে হবে এবং অতিরিক্ত অর্থায়নের উৎসগুলো যেন ইউএনএফসিসিসি ও প্যারিস অ্যাগ্রিমেন্টের অধীনে তাদের দায়বদ্ধতার বিকল্প না হয়।