নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতা। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে ভাতা চালুর সুপারিশ করা হয়েছে। ঝুঁকি ও বিশেষ ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে কমছে বাংলা নববর্ষের ভাতা।
সম্প্রতি মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির কাজ করছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপনটি শিগগিরই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের যেসব সুবিধায় পরিবর্তন আসছে—
১. বাড়িভাড়া ভাতা বাড়ছে
ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ করা হচ্ছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত এ ভাতা দেওয়া হবে।
২. বয়স অনুযায়ী বাড়বে চিকিৎসা ভাতা
বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ভাতার পরিমাণও বাড়বে। ৫০ বছর পর্যন্ত মাসে ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।
৩. নিম্ন গ্রেডে বেশি বেতন বৃদ্ধি
নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও এর নিচের গ্রেডে ৫ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
৪. সব গ্রেডে মোবাইল ভাতা
নতুন কাঠামোয় সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন। গ্রেড-৫ ও এর ঊর্ধ্বে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও এর নিচের গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা নির্ধারণ করা হয়েছে।
৫. দ্বিগুণ হচ্ছে যাতায়াত ভাতা
বর্তমানে যাতায়াত ভাতা হিসেবে ৩০০ টাকা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে টিফিন ভাতা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
৬. প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে মাসে ৩ হাজার টাকা ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধার আওতায় আসবেন।
৭. কমছে বাংলা নববর্ষের ভাতা
নতুন বেতন কাঠামোয় বাংলা নববর্ষের ভাতায় কাটছাঁট করা হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।
৮. বাড়ছে ঝুঁকি ও বিশেষ ভাতা
প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে নির্ধারণের পাশাপাশি ঝুঁকি ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক, কার্যভার, আপ্যায়ন ও উৎসব ভাতা আগের হারেই বহাল থাকবে।
৯. পাহাড়ি ও দুর্গম এলাকায় বিশেষ ভাতা
পাহাড়ি এলাকার সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় সর্বোচ্চ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া হাওড়, দ্বীপ ও চর এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা আগের মতোই থাকবে। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১০. পেনশন ও গ্র্যাচুইটিতে পরিবর্তন
‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা হবে।
১১. সামরিক বাহিনীর বিভিন্ন ভাতা বাড়ছে
সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ বেশির ভাগ ভাতার বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।