শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ‘ওয়ান কার্ড’ শুধু একটি ক্যাম্পাসভিত্তিক সুবিধা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সহজীকরণের একটি অনুসরণযোগ্য একক সমাধান হয়ে উঠতে পারে।

এর মাধ্যমে প্রযুক্তির যথাযথ ও কার্যকর ব্যবহারে কীভাবে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা যায় এবং মানুষের দৈনন্দিন জীবনকে আরও সুবিধাজনক করা যায়, তার একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি হবে। 
তিনি বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সেবা ব্যবস্থাকে আধুনিক করবে না, বরং বৃহত্তর পরিসরে জনসেবা প্রদানেও প্রযুক্তির কার্যকর প্রয়োগের পথ দেখাবে।

advertisement

 এ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় ক্ষেত্রে সবগুলো সেবাকে এক কার্ডে অন্তর্ভুক্ত করে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালু করা হবে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ডিজি ইনফোটেক লিমিটেডের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

advertisement

 ইসমাইল জবিউল্লাহ বলেন, যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন। একটি পাইলট প্রকল্পের মাধ্যমে উদ্যোগটি বাস্তবে কীভাবে কাজ করছে, কোথায় প্রতিবন্ধকতা রয়েছে এবং কোথায় কোনো সমস্যা বা ঘাটতি আছে কি-না, তা চিহ্নিত করা যায়।

প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পরে বৃহত্তর পরিসরে তা বাস্তবায়ন করা সম্ভব।
তিনি আরও বলেন, ইউএপি ‘ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে একটি ভালো কাজ শুরু করেছে। প্রথমে একটি বিভাগে এ ধরনের কার্যক্রম শুরু করে এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও তা চালু করা যেতে পারে।

advertisement

সরকারের জাতীয় পর্যায়ে ইউনিক আইডি কার্ড চালুর উদ্যোগের কথা তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, একেকটি কাজের জন্য একেক ধরনের পরিচয়পত্র তৈরি না করে একটি ইউনিক আইডির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ইউএপির পাইলট প্রকল্পের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক ওয়ান কার্ডকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। 

তিনি বলেন, এ উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি একটি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ওয়ান কার্ড একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনার ধারণা, যেখানে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এর ফলে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রশংসা করে ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশে উচ্চশিক্ষার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বর্তমানে এ সংখ্যা ১০০-এর বেশি হয়েছে। দেশের শিক্ষার বিস্তারে এসব বিশ্ববিদ্যালয়ের অবদান অস্বীকার করার সুযোগ নেই। সরকারের যে দায়িত্ব-শিক্ষার সম্প্রসারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও সেই দায়িত্ব পালনে সহযোগিতা করছে। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উৎসাহিত করা হচ্ছে। 

ইসমাইল জবিউল্লাহ বলেন, গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সরকারের সহযোগিতামূলক মনোভাবের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ওয়ান কার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ওয়ান কার্ডের প্রযুক্তিগত দিক, বিশেষ করে ওয়ানআইডি, ডিজিইপে, ওয়ান কার্ড ভল্ট এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ