শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলায় উন্নতির দাবি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম : বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের লিখিত প্রশ্নোত্তর পর্বে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে এসব তথ্য তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, খুন, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে পুলিশের মনোবল পুনরুদ্ধার করে তাদের পূর্ণ সক্ষমতায় মাঠে নামানো হচ্ছে। জনগণের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিডিআর সদস্যদের পুনর্বহাল নিয়ে অবস্থান

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই। তিনি জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর বিভাগীয় ও প্রশাসনিক প্রক্রিয়ায় তদন্ত করে মোট ৬ হাজার ২৮৬ জন সদস্যকে বরখাস্ত করা হয় এবং ২ হাজার ৫১০ জনকে পেনশনসহ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সব মিলিয়ে ৮ হাজার ৭৯৬ জন সদস্য চাকরিচ্যুত হন।

মন্ত্রী আরও বলেন, এসব শাস্তি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে ৮৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং ৮৩৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলার বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় পুনর্বহালের সুযোগ নেই।

তবে তিনি উল্লেখ করেন, সাজা ভোগ শেষে কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্য মামলা না থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবেন এবং কাউকে অযথা হয়রানি না করতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড ও নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে স্থানীয় ডকইয়ার্ডে উন্নত প্রযুক্তির পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম চালুর কাজও এগোচ্ছে।

ঢাকাজুড়ে সিসিটিভি নজরদারির পরিকল্পনা

পুরো রাজধানীকে সিসিটিভি নজরদারির আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করা হচ্ছে বলে জানান মন্ত্রী। একনেকে অনুমোদন পেলে ঢাকা মহানগরের নিরাপত্তা নজরদারি আরও আধুনিক করা হবে।

মাদকবিরোধী অভিযানে সাফল্য

সংসদকে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক কোটি ৫৫ লাখ ইয়াবা, ২৯ কেজি আইস, ৯ দশমিক ৫ কেজি হেরোইন, বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা। এসব অভিযানে ১ হাজার ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ হাজার ৪০টি মামলা দায়ের এবং ১৮ হাজার ৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে থার্মাল ক্যামেরা ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ