মনিরুল ইসলাম : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সুশাসন সুদৃঢ় করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণমাধ্যমই গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি—এটি টিকিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও শক্তিশালী ও স্বাধীন রাখতে হবে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, গণমাধ্যম দেশের স্বার্থে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।
প্রেস ক্লাবের নেতারা রাষ্ট্রপতিকে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে বখতিয়ার রানা, কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, জাহিদুল ইসলাম রনি এবং এ কে এম মহসীন উপস্থিত ছিলেন।