শিরোনাম
◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা ◈ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ ◈ এবার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আসছে নীতিমালা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং

মনিরুল ইসলাম: ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে সেগুলোকে একটি ডিজিটাল ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার আওতায় আনতে যাচ্ছে সরকার। কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রতিটি অটোরিকশাকে নিবন্ধনের আওতায় এনে অনিয়ম নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সোমবার  ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর উত্থাপিত মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন নীতিমালার আওতায় প্রতিটি অটোরিকশায় কিউআর কোড সংযুক্ত থাকবে এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে। এতে একটি নিবন্ধনের বিপরীতে একাধিক যান চলাচলের সুযোগ বন্ধ হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে নজরদারি সহজ হবে। একই সঙ্গে পরিবেশের কথা বিবেচনায় ক্ষতিকর লেড-এসিড ব্যাটারি ধাপে ধাপে তুলে দিয়ে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ করা হবে।

সংসদে নোটিশ উত্থাপনকালে রেহানা আক্তার রানু রাজধানীর সড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকার ১৭টি গুরুত্বপূর্ণ সিগন্যালে বসানো ৫০টি এআই নির্ভর ট্রাফিক ক্যামেরা চালুর ফলে সড়কে নানা ধরনের অনিয়ম কমেছে। তবে নম্বর প্লেটবিহীন অটোরিকশাগুলো এসব নিয়ন্ত্রণের বাইরে থেকে যাচ্ছে, ফলে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, অটোরিকশা জনপ্রিয় গণপরিবহন হয়ে উঠলেও এর কোনো কাঠামোগত নিয়ন্ত্রণ নেই। অনেক ক্ষেত্রে প্রধান সড়কেও এসব যান প্রবেশ করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তাই যানবাহনটি বন্ধ না করে নিবন্ধন, লাইসেন্স, প্রশিক্ষণ এবং নির্দিষ্ট রুট নির্ধারণের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। অথচ বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র সাড়ে তিন হাজারের মতো। বিপরীতে শুধু ঢাকাতেই প্রায় ৪৮ হাজার অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে, যার ফলে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।

তিনি পরিবেশগত ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন। লেড-এসিড ব্যাটারির অনিরাপদ ব্যবহার ও রিসাইক্লিংয়ের কারণে বায়ু, পানি ও মাটি দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার একটি উল্লেখযোগ্য অংশেও এসব অটোরিকশার সম্পৃক্ততা রয়েছে বলে জানান তিনি।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের চলমান পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ রেখে ডিএমপি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানও চলছে। এছাড়া এআই নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা সম্প্রসারণের অংশ হিসেবে আরও ২০০টি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

সম্পূরক প্রশ্নে রেহানা আক্তার রানু বলেন, প্রতিদিন ঢাকায় শত শত নতুন অটোরিকশা যুক্ত হচ্ছে, যা বিদ্যুতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং লোডশেডিংয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এসব যানবাহনকে গলিপথে সীমিত রাখা, সৌরবিদ্যুৎ নির্ভর চার্জিং ব্যবস্থা গড়ে তোলা এবং বিআরটিএর মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব দেন।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে, যেখানে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড, ট্র্যাকিং ব্যবস্থা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। খুব শিগগিরই এই নীতিমালার পূর্ণ বাস্তবায়ন শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তিনি সংশ্লিষ্ট খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ, সড়ক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখেই সরকার দ্রুত এই নীতিমালা কার্যকর করবে।

  • সর্বশেষ