রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে অপহৃত ৭ বছরের এক শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
কাফরুল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের একটি শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি বলেন, জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছেন। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কাফরুল থানা পুলিশ অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটি প্রাথমিক চিকিৎসা দিয়ে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতার যুথী আক্তারকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।