শিরোনাম

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েক মাসেই জাতীয় সংসদ চলবে শতভাগ সৌর বিদ্যুতে: সংসদে প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম : জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি সৌরশক্তির (সোলার) ওপর নির্ভরশীল করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে বক্তব্য রাখতে গিয়ে সংসদ নেতা এই ঘোষণা দেন।

স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অচিরেই সংসদ ভবনের বিদ্যুৎ ব্যবস্থা শতভাগ সোলার নির্ভর করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সোলারের ওপর নির্ভরশীল হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুগুণ বৃদ্ধি পাবে। একইসঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ সৃষ্টি হবে।

সরকার প্রধান জানান, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর আগে সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান।

  • সর্বশেষ