শিরোনাম

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৪ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

আজ বুধবার দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে ইতিমধ্যে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে বিশেষ টিমটিকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তদবির-বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধানের পর গত ফেব্রুয়ারিতে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের মে মাসে মোয়াজ্জেমকে দুদকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের কথা তখন জানানো হয়। মোয়াজ্জেম অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

পরে মোয়াজ্জেমের ব্যাংক হিসাব, সম্পত্তি ও অন্যান্য লেনদেন নিয়ে অনুসন্ধানের পাশাপাশি তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার জন্যও আদালতে আবেদন করেছিল দুদক।

বর্তমানে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে শুরু হওয়া নতুন অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি, কেনাকাটা এবং সংশ্লিষ্ট অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখবে দুদকের বিশেষ টিম।

 

  • সর্বশেষ