মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনে অধিবেশন বসবে। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনার প্রত্যাশায় এই অধিবেশনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি প্রাথমিকভাবে ৫, ৭ অথবা ১০ কার্যদিবসের হতে পারে, তবে প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ বাড়ানো হতে পারে।
সংসদ সূত্রে জানা গেছে, অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর আইনে বাবা-মা জীবিত থাকা অবস্থায় সন্তানদের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল ও ব্যবহারের অধিকার তাদের কাছেই রাখার বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি অবহেলা কমানোর লক্ষ্য রয়েছে।
এছাড়া ‘জুলাই সনদ’-এর ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের বিষয়টিও আলোচনায় আসতে পারে। এ লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কমিটিতে বিএনপি থেকে সাতজন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য ছোট দলের সদস্যদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর তাদেরও কমিটিতে যুক্ত করা হবে।
অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।