মনিরুল ইসলাম: রাষ্ট্রপতি নির্বাচন শেষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে তিনি এ জিয়ারত সম্পন্ন করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শেষে সরাসরি শেরেবাংলা নগরে অবস্থিত পারিবারিক সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি প্রথমে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে নীরবে কিছুক্ষণ সময় কাটান।
পরে তিনি কবর দুটির সামনে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণ করেন।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী গুলশানে নিজ কার্যালয়ে ফিরে যান। সেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করেন এবং পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেন বলে জানা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর এই জিয়ারত রাজনৈতিক ও পারিবারিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।