জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা গ্রহণ করা নিয়ে তুমুল সমালোচনা হয়। এ নিয়ে সারাদেশের পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলনেও নামেন। পরে আলোচিত ওই দিনের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
অবশেষে সেই পরীক্ষা নিতে যাচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ আগস্ট নতুন সময়সূচিতে এ পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ সূচি প্রকাশ করা হয়।
বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়। এ চিঠি বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
কারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন: শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীরাই কেবল পরীক্ষা দিতে পারবেন। বোর্ড বলছে, যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য এরই মধ্যে তাদের নিজ নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারা পরীক্ষা দেবেন। এর বাইরে অন্য কেউ পরীক্ষা দিতে পারবেন না। কারও পরীক্ষা খারাপ হয়েছে বলে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়নি।
কেন্দ্র কোথায়, কখন পরীক্ষা: ১৩ জুলাই পরীক্ষা দিতে না পারা বা অনুপস্থিত পরীক্ষার্থীদের কেন্দ্র হবে ঢাকা মহানগরীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এ কেন্দ্রে ২৪ আগস্ট সোমবার সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এদিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ঢাকার বাইরের জেলা হলেও বোর্ডের অধীন পরীক্ষার্থীদের বদরুন্নেসা কলেজ কেন্দ্রে এসে পরীক্ষা দিতে হবে।
কোন কোন বিষয়ের পরীক্ষা হবে: ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথমপত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান প্রথমপত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা প্রথমপত্র (বিষয় কোড-১২১) বিষয়ের পরীক্ষা হয়েছিল। সেখানে অনুপস্থিতরা এ পরীক্ষাগুলো আবার দিতে পারবেন। নতুন প্রশ্নে এ পরীক্ষা নেওয়া হবে।