মনিরুল ইসলাম : রাজধানীতে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জায়েদ উর রহমান। তিনি জানিয়েছেন, স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এ অন্তর্ভুক্ত নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দিয়েই দলীয় অবস্থান অনুযায়ী সনদের মূল বিষয়গুলো বাস্তবায়ন করবে বিএনপি।
আজ সোমবার ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও ভিন্নমত যুক্ত ছিল। তবে বিএনপি ক্ষমতায় থাকায় তারা নিজেদের নীতিগত অবস্থান অনুসারে নোট অব ডিসেন্ট অংশ বাদ দিয়ে বাকি বিষয়গুলো বাস্তবায়নে অগ্রসর হবে।
ডা. জায়েদ উর রহমান ব্যাখ্যা করে বলেন, “অন্যান্য রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসত, তারাও নিজেদের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্ট বাদ দিতে পারত। বিএনপিও একইভাবে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সনদের কার্যকর অংশগুলো বাস্তবায়ন করবে।” তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, সরকার ‘জুলাই সনদ’কে একটি নীতিগত কাঠামো হিসেবে গ্রহণ করলেও এর সব অংশ বাস্তবায়নে বাধ্যতামূলক অবস্থানে নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এদিকে, সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়। তবে ‘জুলাই সনদ’ নিয়ে এই মন্তব্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।