মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তিনি বলেন, দীর্ঘদিনের ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে সরে এসে এখন সরকার ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতি অনুসরণ করছে।
আজ সোমবার ১৭ আগস্ট দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকার জনগণের বিশ্বাস, আস্থা ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য মতে, সরকারের গত ছয় মাসের অন্যতম বড় সাফল্য হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী নীতিনির্ধারণ ও কার্যক্রম পরিচালনা।
তিনি আরও বলেন, সরকারের কর্মকাণ্ডে জনগণের ব্যাপক সমর্থন প্রতিফলিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রীর সফরকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই প্রমাণ। “যেখানেই প্রধানমন্ত্রী গেছেন, সেখানেই মানুষের ঢল নেমেছে” যোগ করেন তিনি।
সভায় সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখযোগ্য।
এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়ালসহ প্রেস উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।