শিরোনাম
◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন ◈ কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর ◈ জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সময় লাগবে দুই বছর: আমির খসরু ◈ শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্স‌প্রেসের প্রতি‌বেদন ◈ গ্রিসের পথে নৌকার ইঞ্জিন নষ্ট, সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:১৩ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: দেশের অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী খাতে কাজে লাগিয়ে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্যোক্তাদের নতুন বাজার অনুসন্ধানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আজ রোববার কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বহু নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর এখনো অব্যবহৃত বা অপরিকল্পিতভাবে পড়ে আছে। সরকার এসব জলাশয় সংস্কার করে মৎস্য পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে স্থানীয় বেকার তরুণদের মধ্যে এসব জলাশয়ের ব্যবহার বণ্টন করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তিনি মৎস্য সম্পদ রক্ষায় পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জলাশয়ে প্লাস্টিক ও বর্জ্য ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা মাছের উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের প্রায় ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৬ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, মোট জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

মৎস্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টার গঠনের মাধ্যমে ৭ হাজার ৫০০টি ঘেরে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি’ গড়ে তোলার কাজ চলছে।

তিনি আরও জানান, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ, যা জাতীয় জিডিপির ১ শতাংশেরও বেশি। ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

মৎস্যজীবীদের সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। জেলেদের নিবন্ধন, পরিচয়পত্র প্রদান এবং নিষিদ্ধ মৌসুমে ভিজিএফ সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

প্রযুক্তিনির্ভর উদ্যোগে উৎসাহ দিতে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তারা এই ফান্ড থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান পেতে পারবেন, যা নতুন শিল্প ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন। এবারের প্রতিপাদ্য ছিল— ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ সভাপতিত্ব করেন। এছাড়া প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়