ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য প্রদান করেন।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে এ মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তব্যের মাঝে পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবির মুনিয়ারিকান্দি ও গফরগাঁও দত্তেরবাজার সেতু প্রকল্প হাতে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।