শিরোনাম

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ কক্ষে ভোটগ্রহণ, অংশ নেবেন ৩৪৯ এমপি

মনিরুল ইসলাম: দেশের পরবর্তী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত দিনে সংসদ সদস্যদের নিয়ে ভোটগ্রহণের জন্য জাতীয় সংসদ কক্ষে বৈঠক আহ্বান করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা সংসদ কক্ষে উপস্থিত হয়ে গোপন ব্যালটে ভোট প্রদান করবেন।

advertisement

এরই মধ্যে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সরকারি দল ও  ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা বেড়েছে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন যাচাই, প্রত্যাহারসহ সব প্রক্রিয়া সম্পন্ন করে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ