শিরোনাম

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

মনিরুল ইসলাম: রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এখনো নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটি এ দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান-কে। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ মঙ্গলবার ১১ আগস্ট  জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সভায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের অধিবেশন কক্ষে আসন নম্বর অনুযায়ী ভোটগ্রহণ হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করা হবে।

advertisement

অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত হলেও সরকার তা বাস্তবায়ন করছে না। তিনি আরও বলেন, নির্বাচন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় না হয়, সে লক্ষ্যেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ