শিরোনাম

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

মনিরুল ইসলাম : দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৬ আগস্ট। আর প্রার্থীরা ১৮ আগস্ট পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার হিসেবে অংশগ্রহণ করেন।

advertisement

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা বাধ্যতামূলক। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণেই নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে।

নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ইসির পক্ষ থেকে ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়।

সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ