শিরোনাম
◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৫০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি অ্যাঞ্জেলস’-এর কথা স্মরণ করেন।

সাক্ষাতে মার্কিন কমান্ডার বিভিন্ন নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট)’ মহড়া নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

এছাড়া তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সি ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন। ভবিষ্যতে নিয়মিতভাবে অনুষ্ঠিত ‘রিম অব দ্য প্যাসিফিক (রিমপ্যাক)’ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

কমান্ডার স্টিফেন কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়