মনিরুল ইসলাম : বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি প্রতিষ্ঠানের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল আগামী সপ্তাহের শেষ নাগাদ ঢাকা সফরে আসছে। প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়ে গঠিত এ প্রতিনিধিদলকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক প্রত্যাশা।
আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, এই সফর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করবে।
মাহ্দী আমিন জানান, সফরকালে প্রতিনিধিদল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ, শিল্পখাতের সুযোগ এবং নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর-এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে মার্কিন পক্ষ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতি আস্থা প্রকাশ করেছে বলে জানান মুখপাত্র।
তিনি আরও বলেন, গত পাঁচ মাসে সরকারের গৃহীত নীতি ও সংস্কার উদ্যোগকে মার্কিন প্রতিনিধিরা ইতিবাচকভাবে দেখছেন। বহুমাত্রিক সম্পর্ককে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দিতে উভয় পক্ষই আগ্রহী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদ্যুৎ ও গ্যাস সংকট, জ্বালানি নিরাপত্তা, কর ও শুল্ক সংস্কার এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ জটিলতা দূর করার বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং ‘প্রো-বিজনেস’ ও ‘প্রো-ইনভেস্টমেন্ট’ পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরসহ সব গুরুত্বপূর্ণ বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ দেন।
মাহ্দী আমিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা বাড়ছে এবং এই সফর তারই প্রতিফলন। এর মাধ্যমে দেশে নতুন বিনিয়োগ, শিল্পায়ন এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য। “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।