মনিরুল ইসলাম: ছুটির দিনেও দায়িত্ব পালনে সক্রিয়তার নজির দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ শুক্রবার ৩১ জুলাই বিকেলে গুলশানের বাসভবন থেকে বিকাল ৪টা ৫ মিনিটে বের হন প্রধানমন্ত্রী। এরপর তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে বলে জানা যায়। প্রায় আড়াই ঘণ্টার এই সফর শেষে মাগরিবের নামাজের সময় তিনি পুনরায় গুলশানের বাসভবনে ফিরে যান।
সরেজমিন এই পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আসছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজের অগ্রগতি যাচাই করতেই তিনি সরাসরি সড়ক পরিদর্শনে নেমেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ ধরনের সরেজমিন পরিদর্শন নগর ব্যবস্থাপনায় দায়িত্বরত সংস্থাগুলোর ওপর ইতিবাচক চাপ সৃষ্টি করবে এবং রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার হবে।