মনিরুল ইসলাম: প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার আয়শা আক্তার, সিরাজগঞ্জের নীলা খাতুন এবং নড়াইলের মো. হাসমত আলী।
জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে আয়শা আক্তারও দুই হাত ছাড়াই পা দিয়ে লেখালেখি করে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র পাওয়ার পর তিনজনই নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সুযোগ তাদের নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
এদিকে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।