মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
কৌশলগত অংশীদারত্ব ও বিনিয়োগে জোর
সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব সুদৃঢ় করা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত শিল্পাঞ্চলের মতো আরও নতুন শিল্প পার্ক গড়ে তুলতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্ব
বৈঠকে প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপান উদ্যোগ নিলে তা দুই দেশের জন্যই লাভজনক হবে। এ খাতে প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
অবকাঠামো উন্নয়ন ও চলমান প্রকল্প
সাক্ষাতে দেশের অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি (মেট্রোরেল) প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।
সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা
উভয় পক্ষই বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে অর্থনীতি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।