মনিরুল ইসলাম: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবারদুপুরে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি, তবে নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া, সম্ভাব্য সময়সূচি এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেন। তার পদত্যাগের পর থেকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সামনে আসে এবং সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন রাজনৈতিক পরিস্থিতি, সংসদের কার্যক্রম এবং সাংবিধানিক সময়সীমা বিবেচনা করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতি পদে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শিগগিরই আলোচনা আরও তীব্র হতে পারে। তবে কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাসই দেওয়া হচ্ছে।