রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দ্রুত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট অনুষ্ঠিত হবে, আর একক প্রার্থী হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে রোববার বা এর পরবর্তী সময়ে তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়েছে। তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন।
স্পিকার জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগ হওয়ায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রেও তিনি অসুস্থতার বিষয়টি উল্লেখ করেছেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।