মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। তিনি আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
স্পীকার এক সংক্ষিপ্ত সফরে গত ১৯ জুলাই ঢাকা থেকে ব্যাংককে পৌঁছান। সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।
সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করার জন্য সম্প্রতি বিএনপির হাইকমান্ড থেকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে, স্বাস্থ্যগত কারণে বা অন্য যেকোনো কারণে তাঁর সেই সুযোগ রয়েছে। তবে তাঁরা এ বিষয়ে কিছু জানেন না। সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় যা দেখছেন, সেটাই দেখছেন। যদি এমন কিছু ঘটে, তখন আমরাও দেখব।’
স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন কি না, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তাঁকেই জিজ্ঞাসা করতে হবে।’