পরিবহন করিডোরে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চীন। একই সঙ্গে দুই দেশ তাদের ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেওয়া এবং যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় হয়েছে।
বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিপক্ষীয় বৈঠক করেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীনের ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়া এবং অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।এসময় পরিবহন করিডোরে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে যোগাযোগ ব্যবস্থা জোরদারের পাশাপাশি অর্থনৈতিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।এছাড়া বিনিয়োগ, জ্বালানি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টিও উঠে আসে।
মিয়ানমারে রোহিঙ্গাদের নিজভূমিতে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে বাংলাদেশ বরাবরই চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে আসছে।
বৈঠকে যোগাযোগ, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক অংশীদারিত্বকে দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণে দুই দেশের অব্যাহত আগ্রহ ও উদ্যোগের বিষয়টিও প্রতিফলিত হয়।