সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ মনে করে, এই ধরনের কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত করার ঝুঁকি তৈরি করবে।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক রুটে ইউএনসিএলওএসসহ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরবচ্ছিন্ন ও বৈধ নেভিগেশনকে সমর্থন করে। লোহিত সাগরে যেকোনও অবরোধ, যা বিশ্ব বাণিজ্য এবং শক্তি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, বিশ্বজুড়ে মানুষের জন্য মারাত্মক অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে। তাই বাংলাদেশ সব নাবিক ও পণ্যের সুরক্ষা ও নিরাপত্তার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখাতে, সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং কূটনৈতিক পর্যায়ে জড়িত থাকার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে অব্যাহত অস্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন এবং সংলাপ, কূটনৈতিক ও শান্তিপূর্ণ সম্পৃক্ততা দ্বন্দ্ব নিরসনের একমাত্র টেকসই উপায় বলেও বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করে।