মনিরুল ইসলাম: পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, পলায়নের সময় প্রযোজ্য কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া ভিডিও ছড়িয়ে বহু নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ প্রেক্ষিতে একটি আইনজীবী ও বিশেষজ্ঞ সমন্বয়ে প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই প্যানেল ভুয়া তথ্য শনাক্ত, বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সাইবার বুলিংও উদ্বেগজনক হারে বাড়ছে। জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো বা ব্যক্তি-মানহানি ঘটানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।