মনিরুল ইসলাম : গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।
ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি সহজীকরণ, শুল্ক ও করহার যৌক্তিকীকরণ এবং বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কৃত্রিম সংকট, মজুতদারি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।
উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।